
নোয়াখালীর সোনাইমুড়ীতে কিশোর গ্যাং সন্ত্রাস ও মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, যুবক, তরুণ ও কিশোরদের নিয়ে জনসচেতনতামূলক এ সমাবেশে মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন জোরদার এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার আহ্বান জানানো হয়।
সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও চিকিৎসক ডা. জালাল আহমদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার পরিদর্শক কবির হোসেন, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজাই রাব্বি মাহবুব, বিএনপির সাবেক সভাপতি ডা. শাহ আলম, বিএনপি নেতা মো. হোসেন, জুয়েলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।