
‘টাকা সবার প্রয়োজন, কিন্তু টাকা নয়, সেবাটা নিশ্চিত করতে হবে। আমিও একজন পেশাদার।’—এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, সার্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এটি নাগরিকদের সাংবিধানিক অধিকারও। চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, চিকিৎসা সংকট, নার্স সংকট, ক্লিনিক্যাল সুবিধার ঘাটতি এবং অপ্রতুল খাবারের কারণে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
শনিবার সকালে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর স্কুলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুল কমিটির সভাপতি আহসানুল হক মাসুদের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে তিনি চাটখিল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় অংশ নেন তিনি।
সভায় স্বাস্থ্য ও শিক্ষা নাগরিকদের সাংবিধানিক অধিকার উল্লেখ করে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
তিনি বলেন, জনগণের করের অর্থে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিন আক্তার, চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ, আরএমও, সাবেক মেয়র মোস্তফা কামাল, বিএনপি নেতা দেওয়ান সামীম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সংবর্ধনা অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।