ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সাভারের আলোচিত হত্যা মামলার আসামি রংপুরে গ্রেফতার

সাভারের আলোচিত হত্যা মামলার আসামি রংপুরে গ্রেফতার

ঢাকার সাভারে ছাদ থেকে ফেলে দিয়ে মোনারুল ইসলাম বকশী নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩।

রবিবার দুপুরে র‌্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী গণমাধ্যনে জানান গত শুক্রবার রাত ১০টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বাজার সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি মো. মিন্টু (৪৪)-কে গ্রেফতার করা হয়। তিনি পীরগাছা উপজেলার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই নিহতের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিক এক কিশোরীকে নিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় কিশোরীর বাবা পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ কিশোরীর অবস্থান সাভারে শনাক্ত করে। গত ৬ আগস্ট রাতে আসামিরা পুলিশকে সঙ্গে নিয়ে সাভারের বিপিএসসির এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ভুক্তভোগীর বাসায় যান এবং নিখোঁজ কিশোরীর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে কিশোরীকে না পেয়ে তারা মোনারুল ইসলাম বকশীকে ভবনের ছাদে নিয়ে যান। সেখানে বাকবিতন্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে তাকে পাঁচতলার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান।

র‌্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টুকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত