
রংপুরের মাহীগঞ্জ ও তাজহাট থানা এলাকায় তদারকি অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে মাহীগঞ্জ থানাধীন মন্দিরা মধ্যপাড়া এবং তাজহাট থানার বাবুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানে মাহীগঞ্জের মন্দিরা মধ্যপাড়া এলাকার মো. এনামুল হকের ছেলে সাগর দুধ বিক্রেতাকে দুধে কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ প্রস্তুতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, তাজহাট থানার বাবুপাড়া এলাকায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে নিউ স্বাদ বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরোপ করা মোট ৭৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।