
সিরাজগঞ্জে রেল বাঁচাও আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে সভাপতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
একই সঙ্গে জেলার বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব-এ-খোদা টুটুল, রবির বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল, সিপিবির জেলা সভাপতি ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, আনোয়ার হোসেন তালুকদার, শরিফুল ইসলাম জিন্নাহ, নজরুল ইসলাম, হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক হীরক গুণ, স্বপন চন্দ্র দাস, দিলীপ গৌর, পরিবেশ সমিতির সভাপতি শ্যামল কুমার এবং তৃণমূল হিন্দু পরিষদের নেতা রতন কুমার বাঁশফোর প্রমুখ।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে জংশন স্থাপনের দাবি বাস্তবায়নে সংগঠনের সব কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি সাইদুর রহমান বাচ্চু বলেন, রায়পুরে জংশন স্থাপনের দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।