ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

৬ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

৬ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

জামায়াতসহ ১১ দলের ৬ দফা বাস্তবায়নের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে লাখো মানুষের বিশাল লংমার্চ সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কার্যালয়ে রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ও মহানগর দায়িত্বশীলদের প্রস্তুতি বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস (এফডিইবি) এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুস সাত্তার শাহ্, মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, জামায়াতসহ ১১ দলের ৬ দফা দাবিতে ঢাকা থেকে রংপুরে লাখো মানুষের বিশাল লংমার্চ আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করবে। এরপর গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রাতে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, লংমার্চের পথে এসব জেলার গুরুত্বপূর্ণ স্থানে পৃথক পথসভা অনুষ্ঠিত হবে। এসব পথসভা ও জনসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ, মাওলানা মমিনুল হক, নাহিদ ইসলাম এমপিসহ ১১ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এ সময় মাওলানা আব্দুল হালিম বলেন, সরকারের গত ছয় মাসে দলীয়করণ ও ফ্যাসিস্ট লালনের কারণে সারা দেশে তীব্র সার সংকট, গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট ও জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এর মধ্যে খুন, ধর্ষণ, ছিনতাই, চুরি, ডাকাতি, দখলবাজি ও চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কিত।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা পূরণ, স্বাধীন বিচার ব্যবস্থা ও মানবাধিকার নিশ্চিত করা এবং গুম-খুনের অধ্যাদেশগুলো সংসদে অনুমোদন দেওয়ার দাবিসহ জুলাই সনদ অনুযায়ী গণরায় বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে ১১ দলের আহ্বানে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে লাখো মানুষের বিশাল লংমার্চ অনুষ্ঠিত হবে।

মাওলানা আব্দুল হালিম এই লংমার্চ সফল করতে দেশবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

ঢাকা-রংপুর লংমার্চ,১৯ সেপ্টেম্বর,৬ দফা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত