
সাভারের আশুলিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শামীম মোল্লা (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। ২০১৮ সালে ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম মোল্লা মানিকগঞ্জের হরিরামপুর থানার উত্তর মেরুন্ডী এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বর্তমান ঠিকানা ঢাকার আশুলিয়ার বগাবাগী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-৬৫(০৯)২০১৮-এর আসামি শামীম মোল্লা। ওই মামলায় ৩৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা পরোয়ানা জারির পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
পরে তার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জের হরিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় দণ্ডপ্রাপ্ত আসামি শামীম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।