ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু সাজ্জাদ (২৪) আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে রাতে মাওয়া ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে চালক হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ও আরোহীকে উদ্ধার করে। পরে আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহত হৃদয়ের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং তাঁর একটি ছোট কন্যাসন্তান রয়েছে।

প্রবাসীর মৃত্যু,মোটরসাইকেল দুর্ঘটনা,মুন্সীগঞ্জ এক্সপ্রেসওয়ে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত