ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রামের তরুণদের প্রশিক্ষণ দিয়ে শিল্পখাতে যুক্ত করছেন ফারুক আকন্দ

গ্রামের তরুণদের প্রশিক্ষণ দিয়ে শিল্পখাতে যুক্ত করছেন ফারুক আকন্দ

দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন মো. এনামুল হক ফারুক আকন্দ। চাকরিজীবনে অর্জিত অভিজ্ঞতা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কাজে লাগাচ্ছেন নিজ এলাকার বেকার ও মেহনতি মানুষের জন্য। শহরমুখী না হয়ে গ্রামে ফিরে বাকলজোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে গড়ে তুলেছেন একটি মিনি শিল্পপ্রতিষ্ঠান।

তার উদ্যোগে বর্তমানে ওই প্রতিষ্ঠানে সরাসরি কাজ করছেন প্রায় ১০০ শ্রমিক। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৭০ থেকে ৮০ জন তরুণ-তরুণী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।

কর্মসংস্থান সৃষ্টি করাকে সামাজিক দায়িত্ব হিসেবে দেখছেন এনামুল হক ফারুক আকন্দ। তার লক্ষ্য শুধু নিজের প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগ দেওয়া নয়; গ্রামের শিক্ষিত ও অর্ধশিক্ষিত বেকার যুবক-যুবতীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা। পরে তাদের দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের প্রতিষ্ঠিত কোম্পানিতে কাজের উপযোগী করে তোলাই তাঁর অন্যতম উদ্দেশ্য।

কেট্রা গ্রামের বাসিন্দা এনামুল হক ফারুক আকন্দের বাবা মোহাম্মদ আলাল উদ্দিন আকন্দ এবং মা জায়েদা বেগম। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।

দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে দায়িত্ব পালনের সুবাদে শিল্পখাত ও শ্রমবাজার সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন তিনি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তী সময়ে নিজ এলাকায় কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেন।

বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হক ফারুক আকন্দ বলেন, ‘চাকরি জীবনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। দেখেছি, আমাদের গ্রামের অনেক ছেলে-মেয়ে কাজ করতে চায়, কিন্তু প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকে। তাই চাকরি থেকে অবসর নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, নিজের এলাকার মানুষকে কাজ শেখাব এবং তাদের কর্মসংস্থানের পথ তৈরি করব।’

ফারুক আকন্দের দাবি, কর্মজীবনে থাকাকালীন দুর্গাপুর-নেত্রকোনাসহ বিভিন্ন এলাকার শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি ব্যক্তিগতভাবে কাজ করেছেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন বলেও জানান তিনি।

তাঁর প্রতিষ্ঠিত মিনি শিল্পপ্রতিষ্ঠানেও বর্তমানে প্রায় ১০০ শ্রমিক সরাসরি কর্মরত। এতে এসব পরিবারের প্রত্যক্ষভাবে আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করছেন আরও কয়েক ডজন দক্ষ শ্রমিক।

কর্মসংস্থানের পাশাপাশি স্থানীয় মসজিদ, মাদ্রাসা, সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন ফারুক আকন্দ। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছেন বলে জানান সংশ্লিষ্টরা।

সামাজিক ও পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত এনামুল হক ফারুক আকন্দ। বর্তমানে তিনি বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতি আরও বিস্তৃত করেছে বলে মনে করেন তাঁর অনুসারীরা।

ফারুক আকন্দের স্বপ্ন, দুর্গাপুরের প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা। যাতে চাকরির জন্য শুধু অপেক্ষা না করে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে।

তিনি বলেন, ‘একজন মানুষকে শুধু চাকরি দেওয়ার চেয়ে তাকে কাজ শিখিয়ে দক্ষ করে তোলা বেশি গুরুত্বপূর্ণ। একজন দক্ষ শ্রমিক নিজের পরিবারকে যেমন সহযোগিতা করতে পারে, তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারে। আমার প্রতিষ্ঠানকে সেই লক্ষ্যেই আরও বড় পরিসরে এগিয়ে নিতে চাই।’

ফারুক আকন্দ,শিল্পখাতে যুক্ত,তরুণদের প্রশিক্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত