
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া গ্রামের বিধবা রেখা বেগমের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ঘরসহ নগদ টাকা ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ছেলের বিয়ের জন্য কেনা আসবাবপত্রসহ প্রয়োজনীয় সামগ্রীও পুড়ে যাওয়ায় বিয়ের আয়োজন ভেস্তে গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিধবা রেখা বেগমের স্বামী হারুন অর রশীদ প্রায় ১৩ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে সংসার চালিয়ে আসছিলেন তিনি। এরই মধ্যে ছেলে মোহাম্মদ আলী জিন্নার বিয়ে উপলক্ষে আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের কেনাকাটা করা হয়েছিল।
শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে দুটি ঘর, আসবাবপত্র, নগদ দেড় লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিধবা রেখা বেগমের পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বাড়িতে আগুন লাগার পর পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হলেও তা রিসিভ করা হয়নি। পরে থানা পুলিশের সহযোগিতায় পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি জানানো হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে দেরি হওয়ায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবা পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সমাজের বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের সহায়তা কামনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।