
লালমনিরহাট সদর থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. সাগরকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পাঁচ মাস আত্মগোপনে থাকার পর সোমবার রাত ৪টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার বিকেলে র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, লালমনিরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. সাগর (৩২) মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি। তিনি লালমনিরহাট পৌরসভার তেলিপাড়া গ্রামের মো. আব্দুস সোবহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাদী ও তার পরিবারের ক্ষতি সাধনের জন্য বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
এরই জেরে গত ১০ এপ্রিল ২০২৬ রাত ১০টা ৩০ মিনিটে বাদীর বাড়ির সীমানার ভেতরের সুপারি বাগানে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো ছোরা, রামদা, লোহার রড, সাবল ও লাঠিসোঁটা নিয়ে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বসতবাড়ির সীমানায় অনধিকার প্রবেশ করেন। সেখানে তারা ৩০টি সুপারি গাছ কেটে ফেলেন।
বাদীর পরিবার এতে বাধা দিলে আসামিরা বাদী, তার বাবা-মা এবং ছোট ভাই মো. আসাদুল হাবিবকে (৩০) এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন। একপর্যায়ে বাদীর ছোট ভাই মো. আসাদুল হাবিবকে হত্যার উদ্দেশ্যে তার বুক, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার সাবল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বাদীর বাবা ও ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এরপর গত ১১ এপ্রিল ২০২৬ সকাল ৯টা ১৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বাদীর ছোট ভাই মো. আসাদুল হাবিব মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আহসান হাবিব (৪০) গত ১১ এপ্রিল লালমনিরহাট সদর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং ২/৩ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর-১৫।
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এবং র্যাব-০৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকার একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ৪টা ৩০ মিনিটে ঢাকা জেলার সাভার থানাধীন গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে লালমনিরহাট সদর থানার হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. সাগরকে গ্রেফতার করা হয়।