ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় শিশু নিখোঁজ, উদ্ধারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

পাবনায় শিশু নিখোঁজ, উদ্ধারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলি নিখোঁজের পাঁচ দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কলুনিয়া এলাকার সাধারণ মানুষ। পরে পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

নিখোঁজ কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের বাসিন্দা কামাল প্রামানিকের (৪০) মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে বাড়ির পাশে যায় সে। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির পরিহিত স্যান্ডেল পাওয়া যায়। পরে এ ঘটনায় পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।

এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে কী ছিল এবং অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে শিশুটির সন্ধান চাওয়া হয়েছে।

শিশুটির বাবা কামাল প্রামানিক বলেন, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে তার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু এখনো কোনো সন্ধান না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। কেউ শিশুটির সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

এদিকে কলিকে দ্রুত উদ্ধার এবং তার সন্ধানে কার্যকর পদক্ষেপের দাবিতে মঙ্গলবার পাবনা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেন কলুনিয়া এলাকার সাধারণ মানুষ। এ সময় বক্তারা বলেন, পাঁচ দিন ধরে একটি শিশু নিখোঁজ থাকায় পরিবারসহ পুরো এলাকার মানুষ উদ্বিগ্ন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, শিশুটির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার সন্ধানে প্রয়োজনীয় আইনগত ও তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মানববন্ধন-বিক্ষোভ,উদ্ধারের দাবি,শিশু নিখোঁজ,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত