
রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৬৪ জনের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা হিসেবে ২ কোটি ১৬ লাখ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে এ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ৫০ লাখ টাকা, গুরুতর আহত ১৮ জনকে ১ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এমন ১৬ জন ভুক্তভোগীকে ৩ লাখ টাকা করে মোট ৪৮ লাখ টাকা বিতরণ করা হয়।
বিআরটিএ রংপুর অফিসের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের করা আর্থিক সহায়তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিআরটিএ নিয়মিত আর্থিক সহায়তার চেক বিতরণ করছে।
তিনি বলেন, যাদের আজ আর্থিক সহায়তা দেওয়া হলো, তাদের বেশিরভাগই পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন। সড়ক দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, আবার কেউ শরীরের কোনো অঙ্গ হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। এতে তাদের পরিবারগুলো করুণ অবস্থায় পড়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা অর্থকে মূলধন হিসেবে ব্যবহার করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন।
জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, একটি পরিবারের কেউ সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত হলে সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও সরকারের মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ অর্থ প্রদান করা হয়েছে।
তিনি বলেন, সরকার প্রত্যাশা করে, এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে প্রতিটি পরিবার বিনিয়োগ বা ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।