ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুরে কুইক রেসপন্স টিম

জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুরে কুইক রেসপন্স টিম

রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে বিশেষ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপার এবং এটিইউ, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট প্রধান/প্রতিনিধিরা অংশ নেন।

রংপুর জেলার বাইরের জেলা ইউনিটগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিল।

সভায় রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (QRT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকের অপেক্ষা না করে এসব টিম সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে।

এ লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।

কুইক রেসপন্স টিম,রংপুর,জরুরি পরিস্থিতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত