
মাদারীপুরের রাজৈরে সেকান্দার আলী হাওলাদার হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর এক ভাইকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক নাহিদুর রহমান নাহিদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন রাজৈর উপজেলার বাসাবাড়ি এলাকার গফুর হাওলাদারের তিন ছেলে লিটন হাওলাদার, টিটন হাওলাদার ও বাচ্চু হাওলাদার। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন গফুর হাওলাদারের ছেলে আতিয়ার হাওলাদার।
এ মামলায় আরও ১৪ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জুলাই বাড়ি ফেরার পথে রাজৈরের বাসাবাড়ি ব্রিজের কাছে সেকান্দার আলী হাওলাদারকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন আসামিরা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন সিআইডির পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম।
মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমারত হোসেন খান বলেন, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরেই সেকান্দার আলী হাওলাদারের ওপর হামলা করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মামলা করেন।
তিনি আরও বলেন, মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়। আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।