ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে রিকশা ইউনিয়ন অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

রংপুরে রিকশা ইউনিয়ন অফিস দখলের প্রতিবাদে মানববন্ধন

রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের অফিস অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন করেছেন অটো রিকশা শ্রমিকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নগরীর শাপলা চত্বরস্থ ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আকবর আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামল বাবু।

বক্তব্যে শ্যামল বাবু বলেন, রংপুর মহানগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-রাজ: ৭১৩) ডিসি অফিস থেকে লিজ নিয়ে ১ দশমিক ৪ শতক জমিতে সরকারি খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে অফিস কার্যালয় পরিচালনা করে আসছে। হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে তাদের অফিস অবৈধভাবে ভাঙচুর করে দখল করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই অন্যায় কোনোভাবেই মেনে নেব না। আমাদের লিজকৃত জমি ফেরত না দিলে রংপুরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা ডিসির সঙ্গে কথা বলব। এতে কাজ না হলে আন্দোলনের মাধ্যমে আমাদের অফিসঘর উদ্ধার করব। এতে সকলের সহযোগিতা কামনা করছি।’

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে অফিসঘরের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অটো রিকশা শ্রমিক নেতা মো. এনামুল কবির সমাজ, তোফাজ্জল হোসেন তোফা, মাসুদ রানা মিলন, সুলতান মাহমুদ, শাহিন হোসেন, ভুট্টু মিয়া, রাজা মিয়া, মামুন, হামিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন,দখলের প্রতিবাদ,রিকশা ইউনিয়ন অফিস,রংপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত