
রংপুরের ফতেপুর ভুরারঘাট নয়াপাড়া কমিউনিটিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষকে সচেতন করতে হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অপরাজেয় তারুণ্য রংপুর শাখার উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অপরাজেয় তারুণ্য রংপুর শাখার গানের দল স্বাস্থ্য সচেতনতামূলক গান পরিবেশন করে। পরে আলোচনা পর্বে বাল্যবিবাহ, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি এবং প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন ডা. মাসুমা ফারুক।
এছাড়া আরএইচস্টেপ রংপুর মেডিকেল শাখার ইউনিট ম্যানেজার মো. মিজানুর রহমান আরএইচস্টেপের বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য রংপুর শাখার প্রজেক্ট অফিসার অনিমেষ রায়। তিনি হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইনের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়ুথ অফিসার স্বর্ণালী আচার্য।
এ সময় প্যারামেডিক রাণী বেগম ও ল্যাব টেকনোলজিস্ট মুন্নি চৌহান উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনে কমিউনিটির মানুষের জন্য দুটি সেবা বুথ পরিচালনা করা হয়। একটি বুথে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও কাউন্সেলিং দেওয়া হয়। অন্য বুথে রক্তচাপ পরিমাপ ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ ছাড়া শিশু-কিশোরদের জন্য অ্যানিমেশন ও শর্ট ফিল্ম প্রদর্শনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।