
চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার দিয়ে কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. জামাল হোসেনকে (৬০) ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে পুটিয়া গ্রামের জামাল হোসেনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।
অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।