
গাইবান্ধায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে বিক্রি, অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গাইবান্ধা সদর থানাধীন এলাকায় এসআরবি-১৩, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদমাধ্যমকে জানান, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প, জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশিয়ে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী এমদাদুল হক সরকারকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে সজিব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে একই আইনের ৪২ ধারা অনুযায়ী মো. ইমরান হাসানকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চারজনের কাছ থেকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।