ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

চুয়াডাঙ্গায় সড়ক পারাপারের সময় চলন্ত মাইক্রোবাসের ধাক্কায় ছকিনা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ঘটনাস্থলে ফেলে চালক পালিয়ে যান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছকিনা খাতুন জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী। তিনি চার-পাঁচ দিন আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মেয়ে ফেরদৌসী খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ফেরদৌসী খাতুন ওই গ্রামের মো. মানিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছকিনা খাতুন হাতিকাটা এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী একটি চলন্ত মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাইক্রোবাসের নিচে পড়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটির অজ্ঞাতনামা চালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি) মারুফ রহমান বলেন, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারী মারা যান। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বৃদ্ধার মৃত্যু,মাইক্রোবাসের ধাক্কা,চুয়াডাঙ্গা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত