
চাঁদপুর জেলা শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন লেকের পাড়ে বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খুঁটিতে থাকা বিভিন্ন বিদ্যুৎ সঞ্চালন তার, ইন্টারনেট ও ডিসের তার পুড়ে গেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ছায়াবাণী সিনেমা হলের মোড়ের লেকের ঘাটলার কাছের ট্রান্সফরমারে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই লেকের পাড়ে থাকা বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় খুঁটির ওপর ও আশপাশে বেশ কয়েকটি কাকও ছিল বলে জানান তারা।
আগুন দেখতে পেয়ে পথচারীরা দ্রুত চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ ও চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ৫টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলতে সক্ষম হন তারা।
এ ঘটনায় বিদ্যুতের খুঁটিতে থাকা বিভিন্ন বিদ্যুৎ সঞ্চালন তার, ইন্টারনেটের তার ও ডিস লাইনের তার ব্যাপকভাবে পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
চাঁদপুর নতুন বাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করা হলে তারা বলেন, ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত করে বলতে পারেননি।
চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মেহেদী হাসান টিপু বলেন, বিদ্যুতের লাইন, ডিসের লাইন ও ইন্টারনেটের তারসহ অনেকগুলো তার একই জায়গায় ছিল। অতিরিক্ত হিট বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত এবং বিদ্যুৎ সংযোগের পরিস্থিতি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।