ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুরে ১৬ দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

ফরিদপুরে ১৬ দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ফরিদপুরে ১৬ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে নগদ ২ হাজার ৫০০ টাকা ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফরিদপুর সদর উপজেলার হাফেজডাঙ্গীর বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড (এসডব্লিউএফ), ফরিদপুরের উদ্যোগে ‘শিক্ষা বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও ‘সাহিত্যের ফেরিওয়ালা’ প্রফেসর মো. আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ রায় কর্মকার ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাসানুর রহমান রিয়াদ এবং অ্যাসোসিয়েশন অব বিল্ডিং ডিজাইন কনসালট্যান্ট, ফরিদপুরের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান মোল্লা।

গিয়াস উদ্দিন খাঁন কলেজ, সদরপুরের প্রভাষক আবুল কালাম সিদ্দিকীর (ডাবলু) সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক শাহাদাত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আলতাফ হোসেন বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা যাতে থেমে না যায়, সে জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি রমেন্দ্রনাথ রায় কর্মকার বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা রয়েছে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার এ ধরনের উদ্যোগ তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ বলেন, শিক্ষিত ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে।

পান্না বালা বলেন, মেধা বিকাশের সুযোগ সবার জন্য সমান হওয়া প্রয়োজন। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হলে তারা নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসানুর রহমান রিয়াদ, ফজলে রাব্বী মুবিন, ফজলুল হামিদ তামিম, হাসিবুল হাসান ও কামাল হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন স্বপ্ন সাহা, ইশিতা খাতুন ও সায়মা সোবাহান।

এ সময় উপস্থিত ছিলেন ডেইলি স্টারের ফরিদপুর জেলা প্রতিনিধি সুজিত দাস, কৃষি ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জহির হোসেন, চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক হাসান বিশ্বাস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ডের সদস্যরা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের ফাতেমাতুজ জোহরা, আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের রেখা আক্তার, আজিজুল উলুম দাখিল মাদ্রাসার সাইক আল আরাফাত, জোহরা বেগম উচ্চ বিদ্যালয়ের সাদিকা আক্তার, ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়ের সিথি সাহা, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মুবাশশিরা আনিকা, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের স্বরণিকা সিকদার নদী, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের মো. নাজমুল শেখ, মো. সিয়াম হোসেন ও ইমরান হোসেন।

এ ছাড়া মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এম এম রিয়াদ, মো. হাসিবুল হাসান, সায়মা সোবাহান ও জান্নাতুল ফেরদৌসে জেরিন, শোভারামপুর উচ্চ বিদ্যালয়ের মোশারফ খান এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের স্বপ্ন সাহা।

অনুষ্ঠানে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম পাঁচজনকে বই পুরস্কার দেওয়া হয়। পরে উপস্থিত সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

সামাজিক কর্মকাণ্ডেও এসডব্লিউএফ

শিক্ষা বৃত্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ১ হাজার মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, গাছের চারা বিতরণ এবং শিক্ষার্থী ও তরুণদের বিনোদনের জন্য প্রতিবছর শীতকালে নৈশ ক্রিকেট খেলার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আয়োজকদের ভাষ্য, শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মকে সামাজিক কাজে সম্পৃক্ত করাই স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ডের অন্যতম লক্ষ্য।

শিক্ষা বৃত্তি,মেধাবী শিক্ষার্থী,১৬ দরিদ্র,ফরিদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত