ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে বরাট ইউপি ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে বরাট ইউপি ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান স্থানেই ইউনিয়ন পরিষদ ভবন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ‘৫নং বরাট ইউনিয়ন স্থানান্তর প্রতিরোধ কমিটি’র ব্যানারে পাচুরিয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক মানুষ অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একই স্থানে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।

মানববন্ধনে বক্তব্য দেন নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক আলতাফ হোসেন, শিক্ষক আব্দুর রাজ্জাক, বরাট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কাজী রফিকুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিম মিয়া, জেলা সদর হাসপাতালের নার্সিং কর্মকর্তা সোহেল প্রামাণিক, নবগ্রাম বাজারের পল্লী চিকিৎসক এম এ মালেক ও স্থানীয় ব্যবসায়ী আব্দুস সাত্তার বেপারীসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বরাট ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তারা বলেন, দীর্ঘদিনের ঐতিহ্য ও স্থানীয় জনগণের সুবিধার কথা বিবেচনা করে বর্তমান স্থানেই ইউপি ভবন রাখা প্রয়োজন। অন্যত্র ভবন স্থানান্তর করা হলে স্থানীয়দের ভোগান্তি আরও বাড়বে।

পরে সংবাদ সম্মেলনে নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুস সাত্তার ও মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক আলতাফ হোসেন বলেন, বরাট ইউনিয়ন পরিষদ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের জন্য জমি ক্রয়ের উদ্যোগ নেওয়ার পর তৎকালীন প্রথম নির্বাচিত ইউপি চেয়ারম্যান খন্দকার অলিয়ার রহমান ১৯৬১-৬২ সালে মাখন লাল পোদ্দারের কাছ থেকে ৫৪ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের নামে ক্রয় করেন। দীর্ঘদিন ধরে ওই জমিতেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের বর্তমান ভবন ও জমির সঙ্গে এলাকার মানুষের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। এ কেন্দ্র করে এলাকায় ব্যবসা-বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জোন গড়ে উঠেছে। এখানে ঐতিহ্যবাহী পাচুরিয়া রেলস্টেশন, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ৭০০ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ইউপি ভবনটি স্থানান্তর করা হলে ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি ও নানা সংকটে পড়তে হবে।

বক্তারা বলেন, যে উরাকান্দা এলাকায় ইউপি ভবন স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি নদীতীরবর্তী এলাকা। ফলে সেখানে নদীভাঙনের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় বর্তমান স্থানের পরিবর্তে অন্যত্র ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

তাদের মতে, ইউনিয়ন পরিষদ ভবন কোথায় থাকবে, সে বিষয়ে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিনের ঐতিহ্য, জনগণের সুবিধা এবং ইউনিয়ন পরিষদের নামে ক্রয় করা জমির বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান স্থানেই পরিষদের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি উপেক্ষা করে বরাট ইউনিয়ন পরিষদ ভবন স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রতিবাদে মানববন্ধন,ভবন স্থানান্তর,বরাট ইউপি ভবন,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত