
পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কায়েম উদ্দিন (৫৫) ও ফরহাদ হোসেন অপু (১৮)।
পুলিশ জানায়, কায়েম উদ্দিন উপজেলার সুলতানপুর গ্রামের মো. আজগর আলী মাস্টারের ছেলে। তিনি খানমরিচ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চণ্ডীপুর বাজারে তার নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ফরহাদ হোসেন অপু উপজেলার দক্ষিণ সারুটিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল জব্বারের ছেলে। তিনি ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টার দিকে পুলিশের বিশেষ অভিযানে নিজ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার তথ্য ও অভিযোগ যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।