ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ: ডা. শফিকুর রহমান

সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ: ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি আট দফা দাবি মেনে না নেয়, তাহলে জনগণের প্রয়োজন ও দাবির মুখে তা এক দফায় রূপান্তর করা হবে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা জাতির সঙ্গে বেইমানি করেছেন। বিভিন্ন দপ্তরে প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, জ্বালানির চরম সংকটে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি।’

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট এই লংমার্চ কর্মসূচি শুরু করেছে।

জনগণের যৌক্তিক দাবি মেনে না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম কাশেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

এ ছাড়া টাঙ্গাইল জেলার এনসিপি নেতা রাসেল আহমেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তুষার আহমেদসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান,আশা-আকাঙ্ক্ষা,সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত