
চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে শহরের ব্যাংক কলোনি এলাকার আশরাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের নির্মাণকাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন।
পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।