ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

কচুয়ার গাজীর বাজারে আগুনে পুড়ল পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান

কচুয়ার গাজীর বাজারে আগুনে পুড়ল পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হলো—মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তাঁরা বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাজারে এসে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পান তাঁরা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান,আগুনে পুড়ল,গাজীর বাজার,কচুয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত