ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে শুরু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রংপুরে শুরু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

রংপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। রবিবার রংপুর পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

তরুণদের ক্রীড়ামুখী করে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল (কোতোয়ালি/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (তারাগঞ্জ/বদরগঞ্জ) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তাদের আশা, এই চ্যাম্পিয়নশিপ তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

পুলিশ,চ্যাম্পিয়নশিপ,কাবাডি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত