ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

রাঙামাটিতে মাদকবিরোধী অভিযানে আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠনের অভিযোগ, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মামলায় মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলা (৭০)। পুলিশ জানায়, দাঙ্গা সংগঠনের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জাহেদুল আলম (২২) রাঙামাটি সদর থানার গীতাশ্রম কলোনির বাসিন্দা। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সুমন দেব (৩২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

মাদক কারবারি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মো. মিলন (৩৮), মো. মহরম আলী (৫৮), মো. আকাশ (২০) ও মো. জসিম উদ্দিনকে (৩৯)। তাদের মধ্যে মিলনের বাড়ি চট্টগ্রামের রাউজানে, মহরম আলী রাঙামাটি সদর এলাকার বাসিন্দা, আকাশের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের নান্দাইল এবং জসিম উদ্দিন রাঙামাটি পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে মো. ফেরদৌস (৫৫) ও বিজন পালকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৩ ও ৭ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার ৯,আ.লীগ নেতাসহ,মাদকবিরোধী অভিযান,রাঙামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত