ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

তজুমদ্দিনে তিন বাড়িতে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

তজুমদ্দিনে তিন বাড়িতে অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—তজুমদ্দিন উপজেলার মাওলানা কান্দি এলাকার আব্বাস মাঝি (৪৬), একই এলাকার মো. আলমগীর হোসেন (৪১) এবং দড়ি চাদপুর এলাকার মো. আলমগীর (৪৩)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক তিনটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি দেশীয় পাইপগান, তিনটি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তলের গুলি, দুটি তাজা কার্তুজ, একটি রাইফেলের গুলি এবং চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। জব্দ করা অস্ত্র-গোলাবারুদ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অস্ত্র-গোলাবারুদ উদ্ধার,তিন বাড়িতে অভিযান,তজুমদ্দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত