ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর

গফরগাঁওয়ে ধর্ষণ মামলার আসামিদের বাড়িঘরে ভাঙচুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পর এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত পাঁচ আসামির বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অভিযুক্তদের পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শত শত বিক্ষুব্ধ মানুষ কালিবাড়ী চর এলাকায় জড়ো হন। পরে তারা ওই ঘটনায় অভিযুক্ত শরীফ (২৩) ও আরিফের (২১) বাবা তাহের উদ্দিন, ফাহিমের (২২) বাবা মমিন, রাজিবের (২৩) বাবা মোফাজ্জল এবং এনামুলের (২২) বাবা নূরুর বাড়িতে ভাঙচুর শুরু করেন।

বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের টিনের বসতঘরের বেড়া ও চাল ভাঙচুর করে টিনগুলো খুলে বাড়ির পাশে স্তূপ করে রাখেন। এ সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের অভিযুক্তদের পরিবারের সদস্য ও ঘরের মালামাল নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করতে দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং পরবর্তী করণীয় ঠিক করতে স্থানীয় লোকজন রোববার ও সোমবার সন্ধ্যায় নিজেদের মধ্যে দুই দফা আলোচনা করেন।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ভাঙচুর চললেও ওই সময় থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল না বলে স্থানীয়রা জানান।

স্থানীয় কবির হোসেন আকন্দ (৪০) বলেন, ‘এমন ন্যক্কারজনক, লজ্জাজনক ও লোমহর্ষক ঘটনায় জড়িতদের বিচার হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়িঘর ভাঙচুর করেছে।’

এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ডাকাতির পর দলটি প্রবাসীর কিশোর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ও বেঁধে রেখে তার সামনে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ঘটনার ভিডিও ধারণ করে।

এ ঘটনায় ওইদিন রাত ৩টার দিকে পুলিশ রাজিব (২৩) নামে একজনকে গ্রেপ্তার করে।

শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় চর কালিবাড়ি এলাকার তাহের উদ্দিনের ছেলে শরীফ (২৩) ও আরিফ (২১), মমিনের ছেলে ফাহিম (২২), মোফাজ্জলের ছেলে রাজিব (২৩) এবং নূরুর ছেলে এনামুলকে (২২) আসামি করা হয়।

গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে চর কালিবাড়ি এলাকায় আসামিদের বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়।

বাড়িঘরে ভাঙচুর,ধর্ষণ মামলার আসামি,গফরগাঁও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত