
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস ও হাজীগঞ্জ থানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরে নবগঠিত অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করার নির্দেশনা দেন। জনবান্ধব প্রশাসন ও মানসম্মত নাগরিকসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করা হয় বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক পৌর এলাকার পয়ঃনিষ্কাশন, সুপেয় পানি, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিকসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
এর আগে হাজীগঞ্জ থানা পরিদর্শনে গেলে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান।
একই দিনে উপজেলার নবগঠিত অলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ইউনিয়নের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।