ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফটস্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)-এর আওতায় উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ই-সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন বশির ও মো. শফি উদ্দিন। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা মৃৎশিল্প, কামারশিল্প, বাঁশ-বেত ও কাঁসা-পিতলের পণ্য তৈরি এবং মুচির মতো বেশ কিছু পেশা বর্তমানে বিলুপ্তির পথে। এসব পেশার সঙ্গে জড়িত মানুষের শিক্ষা ও জীবনযাত্রার মান অনুন্নত থাকা এবং আধুনিকতার প্রভাবে বাংলার প্রাচীন এসব শিল্প ও পেশা হারিয়ে যাচ্ছে।

তারা বলেন, পরিবেশবান্ধব ও দেশের ঐতিহ্যবাহী প্রান্তিক পেশাজীবীদের তৈরি পণ্যকে আধুনিক ও টেকসই করার পাশাপাশি এসব পেশাজীবীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর ২০১৭ সাল থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। বর্তমানে প্রকল্পটির দ্বিতীয় ফেইজের মাধ্যমে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বক্তারা আরও বলেন, চলমান এ প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারক, কাঁসা-পিতল সামগ্রী প্রস্তুতকারক, জুতা মেরামতকারী (মুচি), বাদ্যযন্ত্র প্রস্তুতকারক, নকশিকাঁথা ও লোকজযন্ত্র নির্মাতা এবং শীতলপাটি-শতরঞ্জি তৈরিসহ বিভিন্ন সনাতন পেশার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে।

এর মাধ্যমে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, উৎপাদিত পণ্য ও সেবার মানোন্নয়ন এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে নতুন কাজের সুযোগ ও আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হওয়ার পাশাপাশি টেকসই উন্নয়নেও ভূমিকা রাখছে প্রকল্পটি।

প্রশিক্ষণ উদ্বোধন,১০ দিনের প্রশিক্ষণ,প্রান্তিক পেশাজীবী,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত