
দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ সেমিনারে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাব্বেয়া।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা ক্রমেই বাড়ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারলে দেশে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনি বিদেশেও দক্ষ কর্মী হিসেবে কাজের সুযোগ বাড়বে।
তারা আরও বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য জানা, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, টিটিসির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিরা ফরিদপুর টিটিসির বিভিন্ন ট্রেড ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের মান, অবকাঠামো ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ফরিদপুর টিটিসির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।