
কিশোরগঞ্জের হোসেনপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রতিবেদন তুলে ধরা হয়। পরে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার বিদ্যমান সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় মাদক ও ইভটিজিং প্রতিরোধ, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার এলাকায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। চুরি ও ছিনতাই রোধে নৈশকালীন পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি উপজেলার ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদান এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বাজার এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদ ও যানজট নিরসনে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
আসন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন হোসেনপুরকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, যুগ্ম আহ্বায়ক এস.এম. মাহবুবুর রহমান, আবুল হাসিম সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমিনুল ইসলাম, থানার পুলিশ ইন্সপেক্টর মুহাম্মদ খালিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।