
ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মাতীনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই প্রত্যেক শিক্ষার্থীকে নিজের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষাজীবন ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাই সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের পরামর্শ অনুসরণ করতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ সব ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। বক্তারা বলেন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবীন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।