
নোয়াখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিদ্যমান সংকট নিরসন এবং পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাইজদী টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাইজদী ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত এবং ব্যর্থতার প্রতিবাদ জানান। একই সঙ্গে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তারা।
বক্তারা বলেন, “অপেশাদার, ব্যর্থ ও এস আলম চক্রের সুবিধাভোগী বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে অনতিবিলম্বে অপসারণ করতে হবে।”
তারা বলেন, ইসলামী ব্যাংককে পুনরুজ্জীবিত করা এবং সাধারণ গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ব্যাংকের বর্তমান সংকট কাটিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করতে একচ্ছত্র সিদ্ধান্ত বন্ধ করে সততা ও দক্ষতার ভিত্তিতে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা জরুরি।
বিক্ষোভ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক গ্রাহক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।