ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন: সচিব

বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন: সচিব

বিরূপ সমালোচনায় কর্মকর্তারা নিরুৎসাহিত হন। তাই গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, অনলাইনে যে সমালোচনা হয় কিংবা বিরূপ তথ্য-উপাত্ত, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রকাশ করা হয়, সেগুলো সরকারকে জানানো হয়েছে। অনেক সময় এতে সহকর্মীরা ডিমোরালাইজড হয়ে যান। প্রত্যেকেরই পরিবার আছে, সমাজ আছে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিক ভাইদের অনুরোধ, গঠনমূলক সমালোচনা করুন। আমাদের উন্নয়নের জন্য আপনারা সমালোচনা করবেন। কিন্তু অনুগ্রহপূর্বক আমাদের সহকর্মীদের প্রতি যেন বিরূপ বা অন্যায়ভাবে আচরণ করা না হয়।’

মতবিনিময় সভায় তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় প্রবাসীদের ঘরবাড়ি ও সম্পদের বিষয়েও আলোচনা করেন জনপ্রশাসন সচিব। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ করে তিনি বলেন, প্রবাসীরা কষ্টে থাকেন, প্রচণ্ড পরিশ্রম করেন। তাদের কষ্টার্জিত সম্পদ কোনোভাবেই যেন বেহাত না হয়। তাদের ঘরবাড়ি ও সম্পদ যেন নিরাপদে থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম প্রমুখ।

সচিব,নিরুৎসাহিত হন,কর্মকর্তা,বিরূপ সমালোচনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত