ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া

পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া

সন্ত্রাসী গ্রেফতার, দেশি-বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার এবং হত্যা মামলার আসামি গ্রেফতারে সাহসিকতার স্বীকৃতি হিসেবে পিপিএম সাহসিকতা পদক পেয়েছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাহসিকতা, বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ৯৮ জন পুলিশ সদস্যের হাতে বিপিএম ও পিপিএম পদক তুলে দেন।

এ সময় ওসি মনিরুল ইসলাম ভূঁইয়ার হাতেও পিপিএম পদক তুলে দেওয়া হয়।

সূত্র মতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রাউজান থানা ও কক্সবাজারের রামু থানায় দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় তিনি একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন।

রাউজান থানায় দায়িত্ব পালনকালে নোয়াপাড়া এলাকায় জুমার নামাজের সময় প্রকাশ্যে গুলি করে শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে বিদেশি রিভলভারসহ গ্রেফতার করেন তিনি।

এ ছাড়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানের একাধিক সহযোগীকেও বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয় তার নেতৃত্বে পরিচালিত অভিযানে। এসব অভিযানে ১২টি বিদেশি অস্ত্র ও প্রায় ৫০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। প্রায় ১০০টি অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রায় ৩০টি অস্ত্র মামলা করা হয়।

দায়িত্ব পালনকালে সন্ত্রাসী ও হত্যা মামলার আসামিসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারেও ভূমিকা রাখেন মনিরুল ইসলাম ভূঁইয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি কাজ করেন।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে এর আগে ২০২৪ সালে আইজিপি ব্যাজ পান পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূঁইয়া। বর্তমানে তিনি কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।

মনিরুল ইসলাম ভূঁইয়া,ওসি মনিরুল,পিপিএম পদক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত