ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাসায় ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় চাঁদা নিতে আসামি নুরুল ইসলাম ও অন্যান্য আসামি প্রবেশ করেন। এ সময় তারা নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও মা শামসুন নাহারকে গালাগালি ও মারধর শুরু করেন।

নাঈম ঘটনা থামাতে এগিয়ে গেলে আসামিরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন। পরে নাঈমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার দুদিন পর, ৯ নভেম্বর নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী চার আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। তাদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ফাঁসির রশিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকৃত আসামিদের দণ্ড প্রদানের মাধ্যমে বাদী পক্ষসহ আইনের প্রতি মানুষের আস্থা ও শ্রদ্ধা বাড়বে।

কলেজছাত্র নাঈমের বাবা চেরাগ মিয়া ও স্বজনরা এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি।” তারা এ রায় দ্রুত কার্যকর এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

৪ জনের মৃত্যুদণ্ড,নাঈম হত্যা,কলেজছাত্র,মৌলভীবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত