
যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক এলাকায় তিন থানা পুলিশের বিশেষ যৌথ অভিযানে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলাউদ্দিন (২৫), রবিউল (৩৩), ইসরাফিল (২৭), হৃদয় (৩৪), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)। তারা কুমিল্লা, চট্টগ্রাম, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানের বাসিন্দা।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার ভোরে তারা বগুড়ার ধুনট পৌর এলাকার মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে। পরে এসব ফোন নিয়ে শ্যামলী পরিবহনের বাসযোগে পালিয়ে যাচ্ছিল তারা।
এ ঘটনায় স্থানীয় পুলিশ ওই দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্ত করে। পরে স্থানীয় সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে চোরদের পালানোর বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়।
পুলিশের তথ্যমতে, ওই আটজন দুটি সিএনজি রিজার্ভ করে বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে যায়। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে ঢাকার অভিমুখে যাচ্ছিল তারা। এ বিষয়ে বিশেষ তথ্য পাওয়ার পর বাসস্ট্যান্ডে শ্যামলী পরিবহনের কাউন্টারে গিয়ে বাসের তথ্য সংগ্রহ করা হয়।
এই তথ্যের ভিত্তিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যমুনা সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ হাইওয়ে থানা ও ধুনট থানা পুলিশ মহাসড়কে যৌথ অভিযান চালায়। অভিযানে যমুনা সেতু এলাকায় ওই বাসে তল্লাশি চালিয়ে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।