
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মেয়েদের বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করায় উপমহাদেশে মেয়েদের শিক্ষার হারে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এ ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবক্ষয় হয়েছে। জিপিএ-৫ পেয়েও অনেকে ভালোভাবে বাংলা লিখতে পারে না। যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাজের এই অবক্ষয় থেকে মুক্তি পেতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করে বুলু বলেন, প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক, ইয়াবা, ইভটিজিং ও কিশোর গ্যাং থেকে সমাজকে মুক্ত রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ছেলেমেয়েদের নিয়মিত লেখাপড়ায় মনোযোগী করার পাশাপাশি সন্ধ্যার পর পড়াশোনার পরিবেশ নিশ্চিত এবং রাত ৮টার পর ডিজিটাল মোবাইল ব্যবহার না করার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান বিএনপির এই নেতা।
বুধবার বিকেলে নোয়াখালী শহীদ আমানউল্যা পাবলিক স্কুল মাঠে সমমনা ক্লাব আয়োজিত ফুটবল খেলার ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।
সমমনা সংস্থার সভাপতি আবুল কাশেম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সামীমা বরকত লাকী, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, নাজমুল গনি মান্না, সাবেক ইউপি চেয়ারম্যান মীরজুমলা মিঠু, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া, নুরুল ইসলাম সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউছুফ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সমমনা সংগঠনের প্রতিনিধিরা।
পরে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।