ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

‘হানিট্র্যাপ’ ফাঁদে চালককে আটকে মারধর, ৪ নারী আটক

‘হানিট্র্যাপ’ ফাঁদে চালককে আটকে মারধর, ৪ নারী আটক

চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক চালককে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে নিয়ে সাইফুলকে মারধর করা হয়। পরে জোরপূর্বক এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়।

একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নেওয়া হয়।

আটক অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। পরে স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় চার নারীকে আটক করা হয়। তবে ডিবির অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

তিনি আরও বলেন, আটক চার নারীকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং এ ধরনের ঘটনা তারা আগে ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

৪ নারী আটক,আটকে মারধর,‘হানিট্র্যাপ’ ফাঁদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত