
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ‘উইনসেরেক্স’সহ ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ফিরোজ হোসেন জীবননগর থানার শাখারিয়া গ্রামের বরকতুল্লাহর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকালে জীবননগর বিওপির একটি দল অভিযান পরিচালনা করে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন এই দলটি সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান চালায়।
হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল অবৈধ ভারতীয় ‘উইনসেরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ফিরোজ হোসেনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।