
সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে ৩ নং চায়না বাঁধ এলাকায় কাশবনে দ্বিতীয় দিনে পুলিশের বিশেষ অভিযান চালানো হয়েছে। এতে শিক্ষার্থীসহ দর্শনার্থীদের সতর্ক করে বাড়িতে পাঠানো হয়েছে। পরবর্তীতে ওই এলাকায় কোন অপরাধে জড়িত পেলে ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত এলাকার বিভিন্ন স্থানে প্রায় দিনভর স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণীর দর্শনার্থীদের সমাগম ঘটে দীর্ঘদিন ধরে। এতে বিশেষ করে পড়ন্ত বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ওই বাঁধ এলাকা ও কাশবনে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটে থাকে। এছাড়াও দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে উল্লেখিত স্থানে গিয়ে নানান রকমের আড্ডা দেয় এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এসব অভিযোগে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র দিক নির্দেশনায় সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উল্লেখিত এলাকায় পুলিশের এ বিশেষ অভিযান চালানো হয়। এ চায়না বাঁধ এলাকার বিভিন্ন স্থানে কাশবনের ভিতরে এ অভিযান চালানো হয়। শিক্ষার্থীসহ অনেক দর্শনার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং স্কুল কলেজ ফাঁকি দিয়ে ছাত্র ছাত্রীরা এ দর্ষনীয় স্থানে অবস্থান করে । তারা আড্ডার নামে নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। সেইসাথে প্রেমিক প্রেমিকারাও বিভিন্ন সময় কাশবনে অবস্থান করে। এসব কারণে বিশেষ করে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ###
ছবি ক্যাপশনঃ যমুনার তীরে চায়না বাঁধ এলাকার কাশবনে পুলিশের অভিযান-আলোকিত বাংলাদেশ।