ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চবিতে শিক্ষার্থীদের জন্য চাকসুর ‘ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন

চবিতে শিক্ষার্থীদের জন্য চাকসুর ‘ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত এই ডিজিটাল লার্নিং হাবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

উপাচার্য এমন উদ্যোগের জন্য চাকসু প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এই হাবে শিক্ষার্থীদের জন্য ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটার গবেষণা, অনলাইন শিক্ষা, সফটওয়্যারভিত্তিক কাজ ও অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রমে সহায়ক হবে।

এছাড়া শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই লার্নিং হাবে নিয়মিত বিভিন্ন কোর্স, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রেজেন্টেশন, ক্যারিয়ার প্রস্তুতি এবং অন্যান্য প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের সুযোগ পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব এবং চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

উক্ত উদ্যোগের সার্বিক বাস্তবায়নে দায়িত্ব পালন করেছেন চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

উদ্বোধন,ডিজিটাল লার্নিং হাব,চাকসু,চবি শিক্ষার্থীদের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত