
চুয়াডাঙ্গার দীননাথপুর ও গাইদঘাটসহ কয়েকটি গ্রামের ওপর দিয়ে হঠাৎ বয়ে যাওয়া কয়েক মিনিটের প্রচণ্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই ঝড়ে গাছপালা উপড়ে যাওয়ার পাশাপাশি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে পড়ে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ দুর্যোগের কারণে স্থানীয় রেললাইনের ওপর বড় বড় গাছ ভেঙে পড়ে। এতে চুয়াডাঙ্গার সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে থাকা অবস্থাতেই একটি ট্রেন সেখানে চলে আসে। পরিস্থিতি বিবেচনায় ট্রেনটি সতর্কতার সঙ্গে ভাঙা গাছের ওপর দিয়ে চালানো হয়। পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রেনটি থামানো হয়।
এরপর স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রেললাইন থেকে গাছ সরানোর কাজে হাত দেন। রেলকর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর রেললাইন থেকে গাছপালা সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়।
বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।