
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলাসহ অর্ধডজন মামলার আসামি মাহবুব আলমকে (৫০) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহবুব আলম কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া দরগাপাড়া গ্রামের আনসার শেখের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাহবুব আলম কুষ্টিয়া থেকে ট্রেনযোগে দর্শনা হল্ট রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে ভ্যানযোগে দর্শনা জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টে আসেন।
এরপর পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দর্শনা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাহবুব আলমের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। তিনি ভারতে পালানোর উদ্দেশ্যে দর্শনা জয়নগর চেকপোস্টে এসেছিলেন।
ওসি আরও জানান, শুক্রবার বিকেলে তাকে কুষ্টিয়া সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।