ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় অস্ত্র তৈরির সরঞ্জাম, বন্দুক ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

পাবনায় অস্ত্র তৈরির সরঞ্জাম, বন্দুক ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ২

পাবনায় আগ্নেয়াস্ত্র, গুলি, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৩৬ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরতারাপুর ইউনিয়নের ভাদুরী ডাঙ্গি গ্রামের শাহের মোল্লার ছেলে তমসের মোল্লা এবং ছাতিয়ানী মধ্যপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বাপ্পি (২৬)।

পুলিশ জানায়, তাদের মধ্যে একজনের বাড়ি থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অন্যজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ বোতল ফেনসিডিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে চরতারাপুর ইউনিয়নের ভাদুরীডাঙ্গি গ্রামের আকাশ মোল্লা ও তমসের মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তমসের মোল্লার দেখানো মতে আকাশ মোল্লার শয়নকক্ষ এবং তমসের মোল্লার ঘর থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, আট রাউন্ড তাজা গুলি ও অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় তমসের মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযানের আগেই মূল অভিযুক্ত আকাশ মোল্লা পালিয়ে যান।

একই দিন পাবনা সদর উপজেলার চক ছাতিয়ানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাপ্পি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী ও খুলনা রেঞ্জের সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় পাবনার পুলিশ সুপার আবু আশরাফের দিকনির্দেশনায় পাবনা সদর থানা এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়।

অভিযানে পাবনা সদর থানা-পুলিশ, ক্রাইম রেসপন্স টিম (সিআরটি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অতিরিক্ত পুলিশ সদস্যরা অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহার সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ২,গুলি উদ্ধার,বন্দুক,অস্ত্র তৈরির সরঞ্জাম,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত