
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন সড়কে এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে অস্ত্রের মুখে নগদ ৭৫ হাজার ২৩৫ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে লোকনাথপুর সৌদিয়ান রিসোর্টের ম্যানেজার ও দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা জুনায়েদ আহমেদ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।
পথে দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোশধারী ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়। পরে অস্ত্রের মুখে তার কাছে থাকা নগদ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
ভুক্তভোগী জুনায়েদ আহমেদ জানান, বুধবার দিবাগত রাতে নিজের কর্মস্থল লোকনাথপুর সৌদিয়ান রিসোর্ট থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন এলাকায় মুখোশধারী ৭ থেকে ৮ জন সশস্ত্র ডাকাত তার গতিরোধ করে।
এরপর তাকে মারধর করে আহত করে নগদ ৭৫ হাজার ২৩৫ টাকা, ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স এবং ৪৫ হাজার টাকা মূল্যের একটি ভিভো ভি-২৯ মডেলের স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রকাশ কুমার বসু বলেন, ভুক্তভোগী জুনায়েদ আহমেদ বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।